গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুকে কীটনাশক পান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মনি আক্তার (৪০) নামে এক মা। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দুই শিশুর নাম আরাফাত (৪) ও মায়শা (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টেপিরবাড়ীর একটি আবাসিক কলোনিতে বাস করতেন। দীর্ঘদিন ধরে পরিবারে অভাব-অনটন ও বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার বিকেলেও স্বামীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
এরই জেরে রাতে মনি আক্তার দুই সন্তানকে কীটনাশক পান করানোর পর নিজেও তা পান করেন। পরে অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশু দুটির অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরাফাত ও মায়শাকে মৃত ঘোষণা করেন। মনি আক্তার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন মালাকার জানান, তিনজনই বিষপানে আক্রান্ত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।