কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মাথা ও পা-বিহীন একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈকতে অবস্থানরত পর্যটক ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সুগন্ধা পয়েন্টের পানির কিনারায় মরদেহটি ভেসে ওঠে। বিষয়টি প্রথমে সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মীদের নজরে আসে।
বিচকর্মী খোরশেদ আলম জানান, রাতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রের পানির কিনারা থেকে নিরাপদ স্থানে উঠে যেতে অনুরোধ করা হচ্ছিল। এ সময় পানিতে একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ ভাসতে দেখা যায়। পরে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটির মাথা ও শরীরের নিচের অংশ নেই। দীর্ঘ সময় সমুদ্রে ভাসমান থাকার কারণে শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে এটি নারী নাকি পুরুষের মরদেহ সেটিও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
তবে মরদেহটির পরিচয় শনাক্ত, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনাটির রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।