টানা ভারি বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পা পিছলে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতিটির মৃত্যু হয়েছে। কক্সবাজারের টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়াল্যাঘোনা এলাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটি মারা যায়।
বন বিভাগ জানায়, শনিবার দুপুরে টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়াল্যাঘোনা এলাকার একটি পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে গুরুতর আহত হয়। টানা ভারি বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হাতিটির পেছনের দুই পা, বুক ও পেটে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা শুরু করা হয়। পরে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসকরাও চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। ক্ষতস্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণিটিকে বাঁচানো সম্ভব হয়নি।
টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘আহত হাতিটির জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বন বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল নিরলসভাবে চিকিৎসা দিয়েছে। কিন্তু রোববার সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’
স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, ‘হঠাৎ বিকট শব্দ ও হাতির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি মা হাতি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে বন বিভাগের সদস্যরা এসে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণিটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটি পড়ে থাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে চিকিৎসক দল ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।’
এর আগে, শনিবার রাতে ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান আহত হাতিটির চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।
বন বিভাগ জানায়, চলমান ভারি বর্ষণের কারণে পাহাড়ি বনাঞ্চলের মাটি নরম হয়ে পড়েছে। এতে হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর দুর্ঘটনায় পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।