সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট অতিক্রম করে বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুবেল মোল্লার মৃত্যু হয়। তিনি উপজেলার বর্ধণগাছা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুবেল রেললাইন ধরে হাঁটার সময় মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। কানে হেডফোন লাগানো থাকায় তিনি ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পাননি। ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক রূপকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।