শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮০পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন জাজিরা উপজেলার আড়াচন্ডি গ্রামের মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই গ্রামের মোসলেম দারগার ছেলে সাজু দারগা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে ওই দুই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন স্থানীয় তাদের ওপর নজরদারি শুরু করেন। কিছুক্ষণ পর আরও একজন ব্যক্তি তাদের সঙ্গে দেখা করতে এলে সন্দেহ আরও বাড়ে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ইয়াবা উদ্ধারের পর উত্তেজিত জনতা একজনের দুই হাত ও দুই পা বেঁধে একটি বাঁশের সঙ্গে ঝুলিয়ে এলাকায় প্রদক্ষিণ করায়। অপর যুবককে মোবাইলে গান বাজিয়ে জনসম্মুখে নাচতে বাধ্য করা হয়। এ ঘটনায় উপস্থিত অনেকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সমালোচনা করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, কোনো অপরাধীকে আটক করা হলে তাকে নির্যাতন বা প্রকাশ্যে লাঞ্ছিত না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করাই আইনসম্মত পদ্ধতি।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবক এবং উদ্ধার হওয়া ৮০ পিস ইয়াবা নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘দক্ষিণ ডুবলদিয়া এলাকায় স্থানীয়রা ৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’