‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বুধবার (১৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের নানা প্রজাতির স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের প্রতি সচেতনতা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।