টানা বৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতির কারণে জারি করা ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে বন্যা ও দুর্যোগের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র এখন থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
তবে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন। বিশেষ করে পাহাড় ধস, আকস্মিক ভারী বৃষ্টিপাত এবং সড়ক পরিস্থিতি বিবেচনায় সতর্ক থেকে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সময়ে সময় জারি করা নির্দেশনা ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ যথাযথভাবে অনুসরণ করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।