মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী এলাকায় নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্তকরণের জন্য খনন করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মো. হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে। সে বেড়াতে তার নানার বাড়িতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল হুজাইফা। একপর্যায়ে খেলতে খেলতে সে বাড়ি থেকে কিছুটা দূরে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।
প্রত্যক্ষদর্শী রডমিস্ত্রি মো. ইমরান মীর জানান, তিনি পাশের একটি ভবনে কাজ করার সময় রাস্তার দিকে তাকিয়ে দেখেন, ১০-১২ বছর বয়সী একটি শিশু আরেক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুটি জানায়, হুজাইফা পানিতে পড়ে গিয়েছিল। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন এবং ইজিবাইকে করে মাগুরা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশ দিয়ে নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্ত করার জন্য খননকাজ করা হয়েছিল। খননের ফলে সৃষ্টি হওয়া গর্তে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত হুজাইফা ওই গর্তে পড়ে ডুবে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুর রহমান (বিপ্লব) জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে, সড়ক খননের পর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করা এবং গর্তে জমে থাকা পানি অপসারণে সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘিরে রাখার ব্যবস্থা করা হলে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।