চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পরে বিয়ে বন্ধ করে কনের মাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুলশানপাড়ায় ১৮ বছর পূর্ণ না হওয়া এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
পরে বাল্যবিবাহের আয়োজন করায় কনের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করবেন না—এ মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।