কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযান টের পেয়ে অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক চালক ও মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।’