বিশ্বকাপ ফুটবলে স্পেনের ফাইনাল নিশ্চিত হওয়ায় মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবাসী ও স্থানীয় স্পেন সমর্থকদের উদ্যোগে মহিষ জবাই করে ভূরিভোজ এবং বড় পর্দায় ফাইনাল খেলা উপভোগের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, টুর্নামেন্টের শুরু থেকেই কাদিরপুর এলাকার স্পেন সমর্থকরা বিভিন্ন স্থানে বিশাল আকৃতির স্পেনের পতাকা টাঙিয়ে দলের প্রতি সমর্থন প্রকাশ করে আসছেন। স্পেন ফাইনালে ওঠার পর সেই উচ্ছ্বাসকে স্মরণীয় করে রাখতে বিশেষ এ আয়োজন করা হয়েছে।
স্পেনপ্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডাপ্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের অর্থায়ন ও তত্ত্বাবধানে এ আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে। এ উপলক্ষে কুষ্টিয়া থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে একটি মহিষ কেনা হয়েছে। আয়োজকদের দাবি, মহিষটি থেকে প্রায় ছয় মণ মাংস পাওয়া গেছে, যা দিয়ে রাতে এলাকার মানুষ ও অতিথিদের জন্য ভূরিভোজের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় স্পেন সমর্থকরা জানান, ফাইনাল উপলক্ষে কাদিরপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি ভূরিভোজের আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যাশা, স্পেন শিরোপা জিতে এই আনন্দকে আরও পূর্ণতা দেবে।
আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, ‘স্পেনপ্রবাসী ও স্থানীয় সমর্থকদের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। শুধু স্পেন সমর্থকরাই নন, আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদেরও ভুরিভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সবাই একসঙ্গে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে চাই। আমাদের প্রত্যাশা, ফাইনালে জয় পেয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হবে।’