সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের বাসিন্দা এবং সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারাল অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইলিয়াস নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ওসি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।