মাদারীপুরের গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা। তারা সবাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে গত ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে ও চেতনা নাশক ওষুধ খাইয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া মারা যান। এ সময় তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ১৬ জুলাই লামিয়ার পরিবার মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।