বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আইনজীবী নিজাম উদ্দিন শান্ত। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. শামসুল আরেফিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।