সাতক্ষীরার বিভিন্ন সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে অবহেলার দায়ে দুই চিকিৎসক ও এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
রোববার (২৬ জুলাই) জেলাজুড়ে এই আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে মন্ত্রী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে দীর্ঘদিন ধরে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে সাময়িক বরখাস্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তাৎক্ষণিক নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে নৈশপ্রহরী মোস্তফা বিশ্বাসকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।
এরপর দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা সফর করেন। সেখানেও এক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সোহানা সেলিম নামের আরও এক চিকিৎসককে সাময়িক বরখাস্তের আদেশ দেন তিনি।
বিকেলে মন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া শ্যামনগরের এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর তাৎক্ষণিক চাকরির ব্যবস্থাও করেন তিনি।