সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে তানিয়ার পরিবার।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত শাহ পরান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করছিলেন।
তানিয়ার প্রতিবেশীরা জানান, সোমবার (২৭ জুলাই) রাতে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী তাদের ঘরৈ ঘুমাতে যান। মঙ্গলবার সকালে ঘরের ভেতরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, তানিয়াকে হত্যার পর তার স্বামী শাহ পরান পালিয়ে গেছেন। তবে কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।