বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল লেখায় তাকে ৩০০ বার সঠিক নাম লিখে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানানে ভুল করেন। অভিযোগ অনুযায়ী, ‘Morium’ এর পরিবর্তে ‘Morioum’ লেখায় তাকে ৩০০ বার সঠিক নাম লিখে জমা দিতে বলা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ বিষয়টি উল্লেখ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “গত রাতটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর—‘Morium’-এর পরিবর্তে ‘Morioum’—লেখার কারণে আমাকে পুরো লেখাটি ৩০০ বার সংশোধন করতে হয়েছে।’
শিক্ষার্থীর ওই পোস্টের সঙ্গে ৩০০ বার নাম লেখার এসাইনমেন্টের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার ফেসবুকে লেখেন, ‘কত কত অযাচিত অ্যাসাইনমেন্ট করেছি তার হিসাব নেই। ক্রিয়েটিভিটির নামে দেখে দেখে অ্যাসাইনমেন্ট, আর এ ধরনের র্যাগিং-ই এখানে স্বাভাবিক বিষয়। শিক্ষক কর্তৃক নানান ধরনের র্যাগিংয়ের মুখোমুখি হওয়া এই বিভাগে খুবই মামুলি ব্যাপার।’
তবে শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে ইসরাত জাহান নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘তৃতীয় বর্ষে পড়ে একজন ফ্যাকাল্টি মেম্বারের নাম ভুল করেন, তাও আবার পোস্ট করেন। ন্যূনতম বিবেকবোধ থাকা উচিত।’
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এছাড়াও বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।