জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের শকুনি লেকপাড় এলাকায় এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ড. কাজী আবুল বাশার, ফরিদপুর জেলা আঞ্চলিক টিমের প্রধান মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোখলেছুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, শিবচর উপজেলা জামায়াতের আমির সারোয়ার হোসাইন মৃধা, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম মৃধা এবং মাদারীপুর জেলা শিবিরের সভাপতি রিফাত হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে কার্যকর করার দাবি জানান তারা।
তাদের ভাষ্য, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ন্যায়বিচার, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।