নেত্রকোণা সদর উপজেলার নন্দুরা গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও নামে পরিচিত) আটক করেছে স্থানীয় জনতা। ঘটনার পর অনুষ্ঠিত গ্রাম্য সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি অবিলম্বে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রিপন মিয়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে রিপন মিয়া পাশের নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণের পর পরিবার নিয়ে বসবাস শুরু করেন। এরপর সম্প্রতি ওই গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তার ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, সোমবার (৩ আগস্ট) বিকেলে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন বাসিন্দারা। এরপর রিপন মিয়াকে আটকে রেখে দ্রুত গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
সালিশে উপস্থিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অবিলম্বে নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জরিমানা ও গ্রামছাড়ার এই সিদ্ধান্তকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, এর আগেও স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল রিপন মিয়ার বিরুদ্ধে। সে সময়ও বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হয়। পরবর্তী সময়ে নিজের মাকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।
সালিশ ও অভিযোগের বিষয়ে জানতে রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। ঘটনার সত্যতা ও এ বিষয়ে আইনি অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।