গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক মো. সুমন মিয়াকে (২৪) ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।
নিহত সুমন মিয়া কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে দুই থেকে তিনজন ব্যক্তি যাত্রীবেশে একটি অটোরিকশা ভাড়া করেন। পরে তারা কালামপুর এলাকায় যাওয়ার কথা বলে রওনা দেন। পথিমধ্যে আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা চালক সুমন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ সময় সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।