বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এতে পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে হলতা বাজারসংলগ্ন হালকা খালের ওপরের সেতুটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নদীপথে বালু পরিবহনকারী নিজাম ডাকুয়ার একটি বাল্কহেড যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝের একটি পিলারে সজোরে আঘাত করে। এতে পিলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুর মাঝের স্প্যান ধসে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্রশাসন সেতু দিয়ে সব ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ ঘোষণা করে।
সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝের অংশ ভেঙে নিচে দেবে গেছে। দুই পাশের সংযোগ অক্ষত থাকলেও মাঝখানে বড় ধরনের ফাঁক তৈরি হওয়ায় চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে চরাদী, হলতা, সন্তোষদী, মকিমাবাদ ও দক্ষিণ চরাদী গ্রামের মানুষের সঙ্গে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করে চরাদী বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করেন। সেতুটি ধসে পড়ায় এখন কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে গেছে।
তাদের আশঙ্কা, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। সেতুটি মেরামত অথবা পুননির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’