বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমন-পীড়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
বিদ্যুৎ খাতের বিষয়ে তিনি অভিযোগ করেন, দেশের মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। অন্যদিকে ভূতুড়ে বিদ্যুৎ বিলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনও স্বাধীন আছে বলে আমি মনে করি না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।’
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।