লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর-কনে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল।
আহতরা হলেন—বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন, শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ লাখ টাকা দেনমোহরে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের সঙ্গে উত্তর কেরোয়া এলাকার শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা খাবার খেতে বসেন।
একপর্যায়ে বরের বড় ভাই খাবার নিয়ে নানা কথা বললে বিষয়টি নিয়ে কনের পক্ষের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় বরও উত্তেজিত হয়ে বাঁশ ও লাঠিসোঁটা খুঁজতে থাকেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে আমাদেরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়েছেন। অপর একজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’