মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি জমি থেকে ১০টি ল্যান্ডমাইন সদৃশ্য বস্তু ও পাঁচটি ল্যান্ডমাইনের প্লাস্টিকের বক্স উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে স্থানীয়রা জমিতে কাজ করার সময় মাটির নিচে এসব বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় মাটির নিচে ল্যান্ডমাইন সদৃশ্য বস্তু ও প্লাস্টিকের বক্স দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সে সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
এদিকে, উদ্ধার হওয়া বস্তুগুলো আসলেই ল্যান্ডমাইন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বলা যাবে।’
উদ্ধার হওয়া বস্তুগুলো ঘিরে এলাকায় সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।