পাবনার বেড়া উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা সোহেল রানাকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানার পাশের কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে আটক করা হয়।
পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের একটি অংশ পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান। পরে তাকে নিয়ে তারা ঘটনাস্থল থেকে সরে যান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, ‘সোহেল রানাকে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যান।’
তিনি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।