দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করেছে পুলিশ। পরে ওই ঘটনায় পুলিশ পরিদর্শক বাদী হয়ে মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়।
রোববার (৯ আগস্ট) রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক এবং বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য। অন্যদিকে, পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রোববার রাতে কোতোয়ালি থানায় যান সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান। ওই সময় তিনি সিভিল পোশাকে ছিলেন।
একই সময়ে থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান মজিবর রহমান। তবে তখন ওসি থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর রহমান নওয়াবুর রহমানের কাছে ওসির অবস্থান জানতে চান। এ সময় নওয়াবুর নিজেকে কোতোয়ালি থানার পুলিশ সদস্য নন, সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
এজাহারে আরও বলা হয়, এ সময় মজিবরের সঙ্গে থাকা এক ব্যক্তি নওয়াবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে মজিবর রহমানের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে মজিবর তাকে ডান গালে সজোরে থাপ্পড় মারেন। একই সঙ্গে তাকে হুমকিও দেওয়া হয়।
পরে থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবর রহমানকে আটক করে থানা হেফাজতে রাখেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী জানান, থানায় মামলার তদন্তসংক্রান্ত কাজে আসা সিআইডির পুলিশ পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমানকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় মজিবর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।