চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সূত্র: বাসস