মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় টানা দুইবার ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। টুটুল ওই গ্রামের শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে টুটুল ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করেন তারা। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরিবারের সদস্যরা জানান, ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে বকাঝকা করা হয়েছিল। এরপর অভিমান করে টুটুল আত্মহত্যা করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।