হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি।