চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ইয়ার্ডে থাকা একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
অভিযানের একপর্যায়ে জাহাজের ভেতর থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান।
চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিষাক্ত গ্যাস লিকেজে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।