বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ তিনি ব্রিজের যাত্রী ছাউনির ভেতরে সন্তান প্রসব করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. লিটন হোসেন বলেন, প্রথমে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা কিছু কাপড় ও ব্যানার দিয়ে ওই নারী ও নবজাতককে আড়াল করেন। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ঘটনাস্থলে যান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও শিশুর নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।