জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সীমানাপ্রাচীরে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলেজের মূল ফটকের পাশের দেয়ালে আঁকা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতির ওপর কালো রঙের একটি ব্যানার টানানো রয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’। পাশাপাশি ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে ‘বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর’ লেখা রয়েছে।
ব্যানারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বহনকারী দেয়ালে লেখা বিভিন্ন স্লোগানের অংশ ঢেকে দিয়েছে। এর মধ্যে ‘আমার ভাই মরলে কেন বিচার চাই’ এবং ‘কিছু বুঝি না রাজনীতি, চাই একটি শান্তি’সহ কয়েকটি লেখার অংশ ব্যানারের আড়ালে চলে গেছে।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিন শেষে কলেজ বন্ধ হওয়ার পর জনসমাগম কম থাকার সুযোগে গভীর রাত কিংবা ভোরের দিকে গোপনে ব্যানারটি টানানো হয়ে থাকতে পারে। দিনের আলোয় কলেজের প্রধান ফটকের সামনে ব্যানারটি স্পষ্টভাবে দৃশ্যমান হলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীর বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গোপনে তৎপরতা চালানোর চেষ্টা করছে বলে আমরা শুনছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’