তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে স্বস্তির আশায় বাড়ির পাশে গাছের নিচে বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু সেই বিশ্রামের মুহূর্তই পরিণত হয় মর্মান্তিক ঘটনায়। হঠাৎ গাছের একটি বড় ডাল ভেঙে তার উপরে পড়ে। এসময় আশপাশের পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
নিহত সমিরন ফকিরপাড়া এলাকার মৃত গোলাপের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই এলাকায় বিদ্যুৎ ছিল না। তীব্র গরমে ঘরের ভেতরে থাকা কষ্টকর হয়ে পড়লে সমিরন বাড়ির পাশের একটি গাছের নিচে গিয়ে বসেন। এ সময় কোনো ঝড়-বৃষ্টি বা প্রবল বাতাস ছাড়াই হঠাৎ গাছটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছচাপায় আহত ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।