বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘একসময় যারা ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে কটাক্ষ করেছিল, তারাই এখন সংসদে গিয়ে ওই কার্ডের জন্য অস্থির হয়ে পড়েছে।’
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর এলাকায় পালরদী নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “জামায়াতের আমির একসময় নিজ মুখে বলেছিলেন—‘রাক ধুর তোর ফ্যামিলি কার্ড’। অথচ আজ সংসদে গেলে আমরা দেখি, ফ্যামিলি কার্ডের জন্য তারাই সবার আগে অস্থির হয়ে থাকেন। মুখে একটি কথা বললেও প্রধানমন্ত্রীকে একা পেলে আবার জিজ্ঞাসা করেন—কবে তাদের এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।”
জামায়াতের এমন অবস্থানকে রাজনৈতিক দ্বিমুখী নীতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে নেওয়া কোনো কর্মসূচিকে রাজনৈতিক কারণে উপহাস না করে তা বাস্তবায়নে সহযোগিতা করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম। উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংসদ সদস্য খোকন তালুকদার পালরদী নদীর ভাঙন প্রতিরোধে চলমান তীর প্রতিরক্ষা কাজ পরিদর্শন করেন। এ সময় নদীর তীরে জিওব্যাগ ফেলার কাজসহ প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন। পাশাপাশি টেকসই ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।