মাদারীপুরের কালকিনিতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদরাসার সাত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে মাদরাসা টিফিনের বিরতিতে নাস্তা করতে পাশের ইমন সরদারের বসতঘরের দিকে যায় কয়েকজন শিক্ষার্থী। এ সময় ঘরের দরজার সিঁড়ির গোড়ায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেল শিক্ষার্থীরা নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।
আরও জানা যায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত শিক্ষার্থী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়।
ফারিয়া রফিক ভাবনা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও আলামত সংগ্রহ করা হচ্ছে। ককটেলটি সেখানে কীভাবে এলো এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।