বরিশালের উজিরপুরে একটি গ্যারেজ থেকে মেরামতের জন্য রাখা মোটরসাইকেল বের করে নিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও রাজনৈতিক ভয়ভীতি সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেরাগ আলী বাজারের মোটর মেকানিক মোহাম্মদ রিপনের গ্যারেজে মেরামতের জন্য মোটরসাইকেলটি রাখা হয়েছিল। শুক্রবার দিনগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্যারেজের দরজা খুলে মোটরসাইকেলটি বাইরে নিয়ে যান। পরে ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন হাওলাদারের বাড়ির কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সাতলা-চেরাগ আলী-ধামুরা সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওটরা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুলু মোল্লা বলেন, আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যেই রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। গোপনে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি বের করে নেওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।