ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। আগামী ১৮ আগস্ট থেকে এই ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা কার্যক্রম পরিচালনা করবে হাইওয়ে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইওয়ে পুলিশ জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় মহাসড়কে স্থাপিত এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। পরে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
মামলার তথ্য পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন যানবাহনের মালিক।
হাইওয়ে পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।
পুলিশের আশা, ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে।