পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
শনিবার (১৫ আগস্ট) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার আহমেদ রানা, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মামুনুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক মো. রোস্তম আলীসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।