জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তারের পর মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬) নামে এক কৃষক দল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মতিউর রহমান তারা তালুকদার মেলান্দহ উপজেলার সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান তারা তালুকদারকে ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন কৃষক দলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখাসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে রোববার (১৬ আগস্ট) দিনগত রাতে দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল এলাকায় মতিউর রহমান তারার বাড়িতে অভিযান চালায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) একটি দল। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেলান্দহ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজামাল বলেন, ‘সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে মাদকের মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।