নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস চালু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনকালে রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে বগুড়ায় শেরপুর-মাটিডালি ও মোকামতলা-বনানী রুটে দুটি বাস চলাচল করবে। এসব বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী এবং যাত্রীও থাকবেন নারী।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিআরটিসি সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এ সেবায় যুক্ত হয়েছে। গোলাপি রঙের এসব বাসে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।
বগুড়া বিআরটিসি ডিপোর ম্যানেজার (অপারেশন) শাহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুটি বাস চালু হয়েছে। একটি শেরপুর-মাটিডালি এবং অন্যটি মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ অন্যান্য রুটেও এ সেবা সম্প্রসারণ করা হবে।
বগুড়ায় চলাচলরত বাস দুটির নারী চালক হলেন খাদিজাতুল কোবরা ও তাসলিমা পারভীন সাথী। চালক খাদিজাতুল কোবরা বলেন, এ বাসে শুধু নারী যাত্রীরা উঠতে পারবেন। স্বামী-স্ত্রী একসঙ্গে এলে স্ত্রী বাসে উঠতে পারবেন, তবে স্বামীকে বাসে উঠতে দেওয়া হবে না।
বিআরটিসির ট্রেনিং সুপারভাইজার ফেরদৌসী আক্তার দোলন বলেন, নারীদের জন্য এমন বাস সার্ভিস চালু হওয়ায় তারা আনন্দিত। এর ফলে নারীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দে যাতায়াতের সুযোগ পাবেন।
বিআরটিসির নারী প্রশিক্ষক সুবর্ণা খাতুন বলেন, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা এ সেবায় উপকৃত হবেন। তবে বগুড়ায় বাসের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নারী চালক তৈরির জন্য বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রমও চলছে।
নতুন এ বাস সার্ভিস বগুড়ার কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, ট্রাফিক প্রশাসনের সালেকুজ্জামান, বিআরটিসি বগুড়া ডিপোর ম্যানেজার (অপারেশন) শাহিনুল ইসলাম, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদি লায়লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোছা. নাজমা আক্তার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোহেলী খাতুন এবং বগুড়া মহানগর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।