হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। মাহদি হাসান ছাড়া মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব।
মুক্তির সময় হবিগঞ্জ সদর মডেল থানার ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, আটকদের স্বজনরা ভিড় করেন।
পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদি হাসান ও তার সহযোগীরা। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। পরে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।
মাহদি হাসানের বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নেওয়ার পর প্রায় ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। পরে মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী মুচলেকা দেওয়া হয়েছে বা তাতে কী লেখা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।