ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও অনুষ্ঠান চলছিল।
এ সময় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে উচ্চস্বরে গান বাজানোর কারণে শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বুধবার (১৯ আগস্ট) তাদের পরীক্ষা থাকায় উচ্চস্বরে গানবাজনার কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছিল। প্রথমে শব্দ কমানো হলেও পরে আবার বাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে কথা বলতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সুষ্ঠুভাবে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের চিকিৎসায় পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।