বাগেরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থী অরিত্র সরকার ও দূর্জয় ঘরামীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট পৌর ছাত্রদলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন ছাত্রদলের নেতারা। একই সঙ্গে ভবিষ্যতে তাদের পড়ালেখার খরচ চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া দুই শিক্ষার্থী হলেন বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অরিত্র সরকার এবং কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দূর্জয় ঘরামী। তারা এবারের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।
অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, ‘ছাত্রদলের সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। ছাত্রদল আমাদের পড়ালেখা চালিয়ে নিতে সবধরনের সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমাদের এই জার্নিটা সহজ ছিল না। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আজ এই সাফল্য পেয়েছি। ছাত্রদল পাশে থাকলে আমাদের স্বপ্ন পূরণ হবে।’
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলকে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এবারের মাধ্যমিক পরীক্ষায় দরিদ্র শিক্ষার্থী অরিত্র ও দূর্জয় অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল তাদের পাশে রয়েছে। আজ যেমন পাশে আছি, ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি তাদের পাশে থাকবে।’
অনুষ্ঠানে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম ও রিজভী আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।