জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের ভেঙে যাওয়া কয়েল স্প্রিং ও বডি মেরামত শেষে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত শুরু করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়, ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনের আগে পুরানাপুল রেলগেট এলাকা পার হয়ে হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এরপর ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। এরপর থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ থাকে।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়। ঘটনার পর নিকটবর্তী সান্তাহার জংশন থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী দল) ঘটনাস্থলে পৌঁছায়।
উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। পরে তিন ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।