বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে ফ্যাসিবাদ দূর হবে না। জনগণের প্রত্যাশিত পরিবর্তন নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করতে হবে।’
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাটের তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।’
তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন করলেই রাজনৈতিক পরিবর্তন সম্পূর্ণ হয় না। রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। জনগণের প্রত্যাশা একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা।
জামায়াতে ইসলামীর এই নেতা আরও বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কোনো ব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে।
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
সভাপতির বক্তব্যে মো. ফজলুর রহমান সাঈদ বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন ও অধ্যাপক নজরুল ইসলাম। এ ছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি হাকিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।