কক্সবাজার জেলা কারাগারে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) তিনি মারা যান। প্রায় চার মাস আগে মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
নিহত মহিউদ্দিন কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।
কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিউদ্দিন সোহাগের মৃত্যু হয়।
রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান। তিনি জানান, গত ২৯ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে কক্সবাজার জেলা কারাগারে রাখা হয়। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।