গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চর বরফা গ্রামের মৃত শামসু খার ছেলে এনায়েত খা (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খা (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এনায়েত খা ছেলে মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে বৈদ্যুতিক মোটরের সাহায্যে কৃষিজমিতে পানি দিতে যান। একপর্যায়ে বৈদ্যুতিক মোটরে কাজ করার সময় এনায়েত খা বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
গোপিনাথপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. ইকরাম হোসেন বলেন, সকালে জমিতে পানি দিতে গিয়ে প্রথমে এনায়েত খা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের স্ত্রী আরজিনা বেগম বলেন, সকালে তার স্বামী ছেলেকে সঙ্গে নিয়ে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।