জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের ফেরার হাওয়া-বাতাস এখন শুধু দুটি জায়গায় দেখা যায়—একটি সোশ্যাল মিডিয়ায়, অন্যটি ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামিদের ফিরে আসার সুযোগ নেই। তারা দেশে ঢুকলে জনগণ তাদের বিচার চাইবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এ খাতসংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে সমস্যার সমাধান হবে না। এ দায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনোভাবে এড়াতে পারেন না।
তিনি বলেন, কোনো মন্ত্রী যদি সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে ব্যর্থ হন, তাহলে প্রধানমন্ত্রীকে তাকে অপসারণ করতে হবে। ব্যর্থ মন্ত্রীকে পদে বহাল রেখে শুধু ব্যর্থতার নাটক দেখলে এর দায়ভারও সরকারপ্রধানকে নিতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সারজিস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তার মন্ত্রণালয়ের দিকে আরও মনোযোগ দেওয়া। প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে যথাযথভাবে পালন করতে হবে।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।