গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের দেড় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার পাবলিক লাইব্রেরির হল রুমে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম, আহ্বায়ক শাহ মাহফুজুর রহমান ও সদস্য সচিব রাহাদ ইবনে শহিদের উপস্থিতিতে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে দুপুরে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ। তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের নিয়ে একটি র্যালি বের করা হয়, যা পার্ক ঘুরে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক মাওলানা শাহ মাহফুজ বলেন, কিছু কুচক্রী মহল জুলাই আন্দোলন ভুলে গিয়ে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।
এছাড়াও নবনির্বাচিত কমিটির সদস্য সচিব রাহাত ইবনে শহিদ বলেন, একটি পিছিয়ে পড়া জেলাকে এগিয়ে নিতে সকল জনগণ কে সাথে নিয়ে আমারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই । গাইবান্ধায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং গাইবান্ধা বালাসিঘাটে যে টানেল নির্মাণের কথা ছিলো বিগত দিনের সরকারের প্রতিনিধিরা তা হতে দেয় নাই । আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাইবান্ধার মানুষের প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বালাসি ঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যে টানেল হওয়ার কথা ছিল তা পূর্ণ করা হবে।
এছাড়াও তিনি গাইবান্ধায় একটা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন ।