উত্তরের জেলা নওগাঁয় তাপমাত্রা নিম্নমুখী। এর ফলে জেলায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। কুয়াশা না থাকলেও ঠাণ্ডা বাতাসের প্রভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশী অনুভব করছে নওগাঁবাসী ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষন অফিস সর্বোনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে, যা গত দিনের তুলনায় ০.৫ সেন্টিগ্রেড বেশি।
বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষন অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু নিম্নমুখী। শীত মৌসুম শুরু হওয়ায় এই জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। যারা খুব সকালে নামাজে ও কাজে বের হন, তাদের গরম কাপড় ব্যবহারের পরামর্শ দেন এই কর্মকর্তা।
এদিকে দিনমজুরদের খুব সকালে কাজে যেতে ঠাণ্ডায় বেগ পেতে হচ্ছে। গরম কাপড়ের অভাবে তারা কষ্টে আছে। তারা জানান, শীত একটু আগে আসায় তারা ঠাণ্ডায় কষ্ট পাচ্ছেন গরম কাপড়ের অভাবে। এখন তাদের হাতে শীতবস্ত্র না পৌঁছানোয় ঠাণ্ডার মধ্যেই তাদের কাজে বের হতে হচ্ছে জীবিকার তাগিদে।